বেশিরভাগ মানুষ কেন ডানহাতি? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ রহস্য
বেশিরভাগ মানুষ কেন ডানহাতি? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ রহস্য
মানুষের মধ্যে ডানহাতি হওয়ার প্রবণতা এত বেশি কেন— এই প্রশ্নের উত্তর খুঁজতে বহুদিন ধরেই গবেষণা চলছে। এবার যুক্তরাজ্যের একদল গবেষক বলছেন, মানুষের দুই পায়ে সোজা হয়ে হাঁটা এবং বড় মস্তিষ্কই মূলত ডানহাতি হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ
গত ২৭ এপ্রিল বিজ্ঞান সাময়িকী প্লস বায়োলজিতে (PLOS Biology) প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব ও জাদুঘর নৃবিজ্ঞান বিভাগের গবেষক ড. থমাস এ. পুশেল ও র্যাচেল এম. হারউইৎজ এবং ইউনিভার্সিটি অব রিডিংয়ের অধ্যাপক ক্রিস ভেনডিত্তি।
গবেষণায় বলা হয়, মানুষের মধ্যে ডানহাতি হওয়ার প্রবণতা পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই দেখা যায়। এমন কোনো মানবসমাজের তথ্য পাওয়া যায়নি যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঁহাতি। ফলে শুধু সংস্কৃতিগত কারণ দিয়ে ডানহাতি হওয়ার বিষয়টি ব্যাখ্যা করা সম্ভব নয়।
গবেষকরা মানুষের হাত ব্যবহারের প্রবণতা বোঝার জন্য ৪১ প্রজাতির বানর ও এপের ২ হাজার ২৫ জনের তথ্য বিশ্লেষণ করেন। তারা যন্ত্র ব্যবহার, খাদ্যাভ্যাস, বাসস্থান, শরীরের ওজন, সামাজিক আচরণ, মস্তিষ্কের আকার ও চলাফেরার ধরনসহ নানা বিষয় পর্যালোচনা করেন।
তবে বিশ্লেষণে দেখা যায়, মানুষের হাত ব্যবহারের ধরণ অন্য প্রাইমেটদের তুলনায় আলাদা।
ড. থমাস এ. পুশেল বলেন, এটাই প্রথম গবেষণা যেখানে মানুষের হাত ব্যবহারের পেছনের প্রধান তত্ত্বগুলোকে একসঙ্গে বিশ্লেষণ করা হয়েছে। বিভিন্ন প্রাইমেট প্রজাতির তুলনা করে আমরা বুঝতে পারছি, কোন বৈশিষ্ট্যগুলো প্রাচীন এবং কোনগুলো কেবল মানুষের মধ্যেই বিশেষভাবে বিকশিত হয়েছে।
গবেষকদের মতে, মানুষের পূর্বপুরুষ যখন চার পা ছেড়ে দুই পায়ে সোজা হয়ে হাঁটা শুরু করে, তখন হাত দুটির ব্যবহারও বদলে যায়।
গবেষণাপত্রে বলা হয়, সোজা হয়ে হাঁটার ফলে মানুষের ওপরের অঙ্গগুলো বা হাত মুক্ত হয়ে যায়। এর ফলে যন্ত্র ব্যবহার, অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ এবং সূক্ষ্ম মোটর দক্ষতার কাজ করার নতুন সুযোগ তৈরি হয়। এসব ক্ষেত্রে এক হাতের প্রতি বেশি দক্ষতা মানুষের জন্য সুবিধা তৈরি করে।
অর্থাৎ দুই পায়ে হাঁটা মানুষের বিবর্তনের এক বড় ধাপ ছিল। পরে মানুষের মস্তিষ্ক বড় ও আরও জটিল হওয়ার সঙ্গে সঙ্গে ডান হাত ব্যবহারের প্রবণতাও শক্তিশালী হয়ে ওঠে।
গবেষকদের ভাষায়, মানুষের ক্ষেত্রে দুই পায়ে হাঁটার বিবর্তন এবং হাতের স্বাধীন ব্যবহার শক্তিশালী হাতের পছন্দ তৈরি হওয়ার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
গবেষকরা জানিয়েছেন, এই গবেষণা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। যেমন— সংস্কৃতি কতটা ডানহাতি হওয়ার প্রবণতাকে প্রভাবিত করেছে, কেন এখনও কিছু মানুষ বাঁহাতি জন্মায়, কিংবা অন্যান্য প্রাণীর মধ্যেও অঙ্গ ব্যবহারের যে পক্ষপাত দেখা যায়, তা কি একই ধরনের বিবর্তনের ফল?
বর্তমানে বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ ডানহাতি বলে ধারণা করা হয়। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যৎ গবেষণায় মানুষের মস্তিষ্ক ও বিবর্তনের এই রহস্য আরও পরিষ্কার হবে।
আরটিভি/এমএইচজে
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment